প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৩৬ পিএম (ভিজিট : ৩২১)

X
অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্যসচিব রওনক আহমেদ আজিজুল (৩৬) আটক হয়েছেন।
গত মধ্যরাতে তারাকান্দা উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকার কেডিএম অটোরাইস মিল থেকে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাইস মিলে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল বলে গুঞ্জন ছিল। শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এ সময় আপত্তিকর অবস্থায় রওনক আহমেদ আজিজুল, তার বন্ধু মো. সজীব (৩৪) ও এক নারীকে আটক হন। পরে তাদের তারাকান্দা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কেডিএম অটো রাইস মিলের মালিক কমল আগরওয়ালা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ‘আমি সকালে শুনেছি যে ম্যানেজার আজিজুলকে এক নারীসহ তিনজনকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আটক করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। যদি জানতাম যে মিলে এমন কাজ হচ্ছে, তাহলে তাকে রাখতাম না। আমি চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।