প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিট : ১৫৩)

X
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।
এর আগে দুপুর ১টার পর বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন- বুয়েট শিক্ষার্থী নাবিদ (২১), শাহাদাৎ (২২), নাভিদ (২১), রুয়েট শিক্ষার্থী রিজন (২৩) ও আহসানউল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিব (২২)।
আহত শিক্ষার্থী রিজন জানান, তিন দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই দাবির সমর্থনে শুধু বুয়েট নয়, বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি দুজন এখনো জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।