প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম (ভিজিট : ১৮২)

X
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের ঘটনায় এক অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারসূত্রে জানা যায়, কুটি গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হন। অভিযুক্ত যুবক মো. ইব্রাহীম অটোরিকশা চালানোর সময় ওই ছাত্রীর সঙ্গে অশালীন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে পিছনে ফিরে মেয়েটির স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়ার চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী ছাত্রী বাধা দিলে তার পরনের জামা ছিঁড়ে ফেলে অটোরিকশা চালক ইব্রাহীম।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। আসামিকে জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।