প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম (ভিজিট : ৫৭)

X
আগামী ৩ সেপ্টেম্বর বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং রায়পুরাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জনসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আযোজক সংগঠনটি। এ উপলক্ষে আজ সোমবার (১ সেপ্টেম্বর) রায়পুরার একটি রেস্টুরেন্টে বিকেল ৫টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জনসভার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রায়পুরার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ বদরুজামান।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বরের জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। রায়পুরার ইতিহাসে এটি একটি অন্যতম বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে আগত জনগণের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, আমরা রায়পুরায় সৌহার্দ্যপূর্ণ রাজনীতি গড়ে তুলতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু রায়পুরার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। হিংসা ও বিদ্বেষের রাজনীতিকে চিরতরে বিদায় জানিয়ে আমরা শান্তির রাজনীতি চাই। তিনি সকল রায়পুরাবাসীর প্রতি জনসভায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা), সেক্রেটারি শফিকুল ইসলাম রব্বানী, দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা বরকত উল্লাহ রশিদী, পৌর শাখার সভাপতি মুফতি মোশাররফ হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।