প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম (ভিজিট : ৮১)

X
গাজীপুরের টঙ্গীর দুই থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকে একযোগে বদলি করা হয়। রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি বলেন, “পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই বদলি করা হয়েছে।
এদিকে, হঠাৎ একই সাথে দুই থানার ওসি বদলিকে ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। টঙ্গী শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে ওসিদের সর্বদা সক্রিয় ভূমিকা পালন করতে হয়।
ঢাকার প্রবেশদ্বার হওয়ায় গাজীপুরের জন্য টঙ্গী পূর্ব এবং পশ্চিম দুটি থানা খুবই গুরুত্ব বহন করে। থানা দুটির ১৯টি বস্তি ঘিরে ছিনতাই-অপহরণসহ বিভিন্ন অপরাধ সংগঠিত ও নিয়মিত মাদকের হাট পরিচালিত হয়।