মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ডাকাত দলটি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করেছে।
গত রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।
ডাকাতির শিকার বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, রাত আনুমানিক তিনটার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।