সৈয়দপুরে মোকছেদ আলী প্রামানিক (৫৬) নামে এক প্রতিবেশি দাদার বিরুদ্ধে ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল সকালে শিশুটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিক বর্তমানে পলাতক।
এজহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত বাছরা আলী প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক তার ছেলের মেয়ের (নাতনী) প্রতিবেশি খেলার সাথী ওই শিশুটিকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে নিজের শয়নকক্ষে নিয়ে যায়।
পরে ফুসলিয়ে ধর্ষণ করে এবং কাউকে না জানানোর জন্য ভয় দেখিয়ে হাতে ২০ টাকা দেয়। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি প্রকাশ পায়।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারকে চাপ দেয়। ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে শিশুটির বাবা থানায় মামলা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিলম্বের সুযোগে আসামি পালিয়ে গেছে।”