পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে দুই পক্ষকেই এগোতে হবে। যদি কোনো বিষয়ে দুই পক্ষ একমত হয়, তাহলে নিশ্চয়ই এগোবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ধরপাকড় প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মিশনের কাছ থেকে আমরা খোঁজ-খবর নিচ্ছি, দেখা যাক ফলাফল কী দাঁড়ায়। একটা বিষয় খেয়াল করে দেখুন, ধরা পড়ার সংখ্যায় অর্ধেক কিন্তু বাংলাদেশি। এটা আমাদের জন্য বিব্রতকর। তাদের কেউই কিন্তু কোনও সমস্যা ছাড়া ধরা পড়েছে এমন নয়। অবশ্যই সমস্যা আছে, হয় কাগজপত্র নেই, না হলে অতিরিক্ত সময় থেকেছে। আমার মনে হয়, এটা শুধু সরকারের প্রশ্ন না, এটা সবাই মিলে ঠিক করতে হবে। বাংলাদেশের যে খারাপ অবস্থান, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
উপদেষ্টা আরও বলেন, কেউ যদি কোথাও কোনও খারাপ অবস্থায় পড়ে কিংবা ধরা পড়ে আমরা কিন্তু তাকে সাহায্য করার চেষ্টা করি। এটাও দেখতে হবে, আমাদের লোকের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এতো বেশি ঘটে কেন। এটার একটি কারণ আমি বলতে পারি, আমাদের অভিবাসন ব্যয় অত্যধিক, বেআইনিভাবে অত্যধিক। এটা আমরা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করতে পারব, এই সমস্যাগুলো থাকবে।