জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১৯১টি পাজেরোসহ ২২০টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য কেনা হচ্ছে এ গাড়িগুলো। শুধু তাই নয়, আগামী সরকারের মন্ত্রীদের জন্যও মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের ৬০টি গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে।
ইতোমধ্যে গাড়িগুলো কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। তবে, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য প্রতিস্থাপক হিসেবে ১৯৫টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাস কেনায় সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা। আর প্রতিটি মাইক্রোবাসের দাম পড়ছে ৫২ লাখ টাকা। এ ধরনের ২২০টি গাড়ি কিনতে সরকারকে খরচ করতে হচ্ছে ৩৪৩ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা।
প্রশ্ন উঠেছে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে। অনেকেই বলছেন, পরবর্তী সরকারের মন্ত্রিসভা যে ৬০ সদস্যেরই হবে, এটা কীভাবে নির্ধারণ করল অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এসব গাড়ি এখনই কেন কেনা হচ্ছে, সেই প্রশ্নও উঠছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকার বা মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন, কী গাড়ি কিনবেন, তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে?