প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম (ভিজিট : ১৩৫)

X
শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইসলামাবাদে পিএম হাউজে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে তার অবদানের’ প্রশংসা করেন শাহবাজ শরিফ। এছাড়া, তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানান।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রী হাত তুলে দেন। ওই চিঠিতে প্রধান উপদেষ্টা পাকিস্তানের নজিরবিহীন বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা চিঠিতে বলেছেন, “এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে।”
সেই সঙ্গে প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টা লিখেছেন তার চিঠিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে উভয়দেশের শিক্ষার্থী বিনিময়ে স্কলারশিপ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।