প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম (ভিজিট : ১২৫)

X
গাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘন্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
মৃত ওই যুবকের নাম রনি মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল জেলা সদরের মীরের ব্যাতকা গ্রামের কালু মিয়ার ছেলে। রনি টঙ্গীর বড় দেওড়া পরান মন্ডলের টেক এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করতেন। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক বলে জানা যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি সাবমারসিবল পাম্প ও পাম্পের পাইপ চুরির অভিযোগ এনে স্থানীয় লোকজন রনিকে আটক করে। পরে স্থানীয় সোহেল রানা (৪০) ও নূরুল ইসলাম নামক দুই ব্যক্তি রনিকে টঙ্গী পশ্চিম থানায় গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রনি থানার হাজতখানার বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে পৌঁছালে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো.হারুল অর রশিদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।