প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম (ভিজিট : ২৮৭)

X
পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। কেন্দ্রীয় কমিটিতে লিখিত অভিযোগ জমা দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে জলিল বিশ্বাস মার্কেটের সিঁড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে মায়া বলেন, ‘আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা সরাসরি কোনো অভিযোগ তুলতে চাই না। তবে সত্য হলো আমি আমার বিবেক, সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না’।
তিনি উল্লেখ করেন, গত আগস্টে বেশ কিছু অভিযোগ লিখিত আকারে জমা দিলেও কোনো প্রতিকার পাননি। ফেসবুকে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রীর সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়ার পর তাকে ‘আওয়ামী দোসর’ বলা হয়। এ নিয়ে মিথ্যা প্রচারণা চালালেও দল থেকে তিনি কোনো সমর্থন বা সহযোগিতা পাননি।
মায়ার অভিযোগ, জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণ করছে মহানগর কমিটি। এতে জেলা পর্যায়ের নেতারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এমনকি প্রশাসনিক সহায়তাও পাচ্ছেন না। রাজশাহীতে একপক্ষ এনসিপিকে পক্ষভূত করার অপচেষ্টা করছে। সব ক্ষেত্রে তাদের কাজ করতে বাধা দিচ্ছে এবং ব্যক্তিগতভাবে অপমান অপদস্থ করছে।
তিনি বলেছেন, ‘আমি আগে কখনও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু আমার নামে যে অপপ্রচার চালানো হয়েছে, নোংরা কমেন্ট করা হয়েছে সেখানে আমি নির্দোষ হওয়ার সত্ত্বেও দলীয়ভাবে কোনো সমর্থন ও সহযোগিতা পাইনি। আমি সামাজিক ও ব্যবসায়ীক সবক্ষেত্রে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত। ’
একমাস আগে তিনি কেন্দ্রীয় এনসিপিতে পাঠানো যে অভিযোগগুলো দিয়েছিলেন, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে ‘পদত্যাগ করতে বাধ্য হবেন’ বলে উল্লেখ করেছিলেন মায়া। কিন্তু মাস পেরুলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।