প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম (ভিজিট : ৩৫৮)

X
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে টঙ্গীর হিমারদিঘীর হকের মোড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন, কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), ইসমাইল হোসেন (২৫), জব্বার খাঁ ওরফে জয় (২৮) ও হযরত আলী (২০)।
পুলিশ জানায়, হিমারদিঘীর হকের মোড় এলাকায় একদল দূবৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ বুধবার দিবাগত রাত পৌণে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও ৮-১০জন সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি সুইচগিয়ার, তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কামরুজ্জামান খন্দকার শাওন এর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানায় ২০টি মামলা রয়েছে।