প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম (ভিজিট : ২১২)

X
নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভীর হাসান ওরফে শুভ নামের এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত সাড়ে তিনটার দিকে খুলনার নগরের দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তানভীর হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তানভীর ওই এলাকার আবুল বাশারের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি একতলা ভবনের জানালার থাই গ্লাস খুলে তানভীরকে গুলি করা হয়। তিনি বর্তমানে কোনো পেশায় যুক্ত ছিলেন না, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ওসি বলেন, তদন্ত চলছে। কী কারণে হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানভীর তার মা ও ছোট ভাইকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরের জানালার থাই গ্লাস খুলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার মাথায় দুটি ও বাঁ হাতে একটি গুলি লাগে। পরে স্বজনেরা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তিনটি গুলির খোসা পান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে।