প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম (ভিজিট : ৪৮৯)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে খুলনা জেলা যুবদল প্রস্তত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের বিজয়ী করতে যুবদল নেতৃবৃন্দ দিন রাত কাজ করে চলেছে। এরই অংশ হিসাবে খুলনায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
শনিবার বিকালে কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত জানান, খুলনার ৯ উপজেলায় পর্যায়ক্রমে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার (৫ অক্টোবর) জেলার তেরখাদা উপজেলায় প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর ৩টায় সমাবেশ শুরু হবে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব হাবিবুন্ নবী খান সোহেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন। তেরখাদা ও তার পার্শ্ববর্তী উপজেলাসমূহের সর্বস্তরের মানুষ এ সমাবেশে অংশ গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি মাসের ৮ তারিখে দিঘলিয়ায়, ১৩ তারিখে পাইকগাছায়, ১৪ তারিখে কয়রায়, ২২ তারিখে রুপসায়, ৩০ তারিখে ডুমুরিয়ায়, নভেম্বরের ৪ তারিখে দাকোপে, ১০ তারিখে ফুলতলায় ও ১৪ তারিখে বটিয়াঘাটায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসব সমাবেশ থেকে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ঘোষণা সাধারণ মানুষের নিকট পৌছে দেওয়া হবে।