সীতাকুণ্ডের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলিনগর নামক এলাকায় সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন

2025-10-07T17:52:59+00:00
2025-10-07T17:52:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ৫১০)
X

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলিনগর নামক এলাকায় সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সম্প্রতি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় হতাহতের বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সম্পাদক অবগত হয়েছেন। তাঁরা এই ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও পুলিশের দেওয়া তথ্য খতিয়ে দেখেন৷ এর পরিপ্রেক্ষিতে রোকন উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মুরাদ চৌধুরী আরো জানান, এর আগেও রোকন উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সে সময় তাঁকে কেন্দ্রীয় যুবদল এবং জেলা যুবদল থেকে সতর্ক করা হয়েছিল। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ অব্যাহত রাখায় তাঁকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার মধ্য রাতে জঙ্গল সলিমপুরের অলিনগর এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রোকন মেম্বারের হয়ে একাধিক সশস্ত্র গ্রুপ দেশি অস্ত্র নিয়ে এলাকায় হামলা করে। এসময় বিভিন্ন স্থাপনাসহ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় আগে থেকে এলাকাটিতে অবস্থান করা ইয়াছিন গ্রুপের লোকজন হামলাকারীদের চারদিক থেকে ঘেরাও করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে খলিলুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। নিহত খলিল চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় আহত হন আরও ১৪ জন। অভিযোগ আগে নিহত খলিলসহ ২০ সদস্যের একটি ক্যাডার গ্রুপ নগরীর শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন প্রকাশ বাবলার নেতৃত্বে রোকন মেম্বারের হয়ে জঙ্গল সলিমপুরে হামলায় অংশ নেয়৷ ঘটনায় বাবলার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী জাবেদ প্রকাশ ভাগীনা জাবেদ গুরুতর আহত হয়৷

এছাড়া পরদিন এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় এখন টিভি'র ব্যুরো ইনচার্জ হোসেন আহমদ জিহাদ ও ক্যামরা পার্সন পারভেজ হোসেন গুরুতর হয়৷ এসময় তাদের ক্যামরাসহ মূল্যবান জিনিস পত্র লুট করে সন্ত্রাসীরা।  

পুলিশ রহস্যজনক নীরবতা
জঙ্গল সলিমপুরের আলিনগরে হত্যা এবং মারামারির ঘটনায় সীতাকুণ্ড থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। তবে রহস্যজনক করণে পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায়নি৷ এমন কি স্যাটেলাইট টিভির দুইজন সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার তিনদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে এখনো সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মালামালের কোন হদিস পাওয়া যায়নি৷ পুলিশের এমন নীরবতার মাঝে গতকাল রাত জঙ্গল সলিমপুরের পাহাড় খেকো হিসেবে চিহ্নিত ইয়াছিন আলিনগর এলাকায় থাকা তার পাহাড় কাটার এস্কেভেটর, ড্রাম ট্রাকসহ বিভিন্ন মালামাল সরিয়ে নিয়ে যায়৷ এসব মালামাল সরিয়ে নেয়ার একাধিক ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে৷  

স্থানীয় সূত্র বলছে, ঘটনার মূল হোতা রোকন মেম্বার ও পাহাড় খেকো ইয়াছিনকে ঘটনা পরদিনও সীতাকুন্ড এলাকায় দেখা গেছে৷ এছাড়া জঙ্গল সলিমপুরে এখনো ইয়াছিন বাহিনীর অনেক সদস্য অবস্থান করছে৷ এছাড়া রোকন মেম্বারের হয়ে হামলায় অংশ নেয়া অনেকেই সীতাকুন্ড উপজেলার বাসিন্দা৷ এছাড়া ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি বড় যোগান আগে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্রকাশ বাবলার কাছ থেকে৷ তাদেরকে আইনের আওতায় আনা গেলে অনেক অস্ত্রের সন্ধান মিলবে৷ 

তিনটি মামলায় আটক তিন
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, ঘটনার দিন আলিনগর এলাকায় ঘর ভাঙচুর ও লুটের ঘটনায় আহত মোহাম্মদ ফারুক বাদী হয়ে রোকন উদ্দিনকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলায় এজাহারনামীয় ২০ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। একই দিন আরেক বাসিন্দা ফারুক হোসেন বাদী হয়ে এজাহারনামীয় ১৩ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে জাবেদ নামের এক ব্যক্তিকে।

ঘটনার পরদিন ইয়াছিন বাহিনীর পিটুনিতে খলিলুর রহমান নিহত হওয়ার ঘটনায় তাঁর বাবা অলি রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ইয়াসিনকে প্রধান আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় আরও ১০ জন এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এসব মামলায় আহত জাবেদ, জয়নাল, জিহাদ নামের তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, জাবেদ ওরফে ভাগিনা জাবেদ নগরীর চান্দগাঁও থানার একটি মামলার পলাতক আসামী৷ এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে ৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy