প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম (ভিজিট : ২৪৯)

X
ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর-এ থাকা কর্মকর্তা।
আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন।
তিনি বলেন, যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর তাদের হেফাজতে নেওয়া হয়।
মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এ ছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন মেজর জেনারেল হাসানুজ্জামান।
গুম কমিশন ও প্রসিকিউশনকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অফিসিয়ালভাবে আমরা কোনও কাগজ পাইনি। তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে। আমরা চাচ্ছি যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। আমরা বিচারের পক্ষে।
সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে সেনাবাহিনী আরও বেশি সহায়তা করবে। অনেক ভূমিকা পালন করবে। সেনাবাহিনী দেশের জন্য কাজ করছে। জীবন দিয়ে হলেও দেশের নিরাপত্তার জন্য কাজ করবে।
যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের ইচ্ছা করলে পুলিশও গ্রেপ্তার করতে পারে। আবার তারা চাইলে আমাদের হেফাজতে আসতে পারেন বলেও জানান তিনি।