প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম (ভিজিট : ১০৪)

X
রাতের অন্ধকারে আর ভোট চাই না বলে মন্তব্য করে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সবার কাছে ‘ন্যাশনাল রেসপনসেবলিটি’ প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এনসিপিকে প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে জটিলতার বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক কমিশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নেই। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও নতুন করে কিছু ভাবছে না।
সিইসি বলেন, ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির বর্তমান নেতারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অবাধ তথ্য প্রবাহের কথা জানান সিইসি।
এনসিপির শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা- সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা আমাদের তালিকায় নেই, তাই দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।
নির্বাচন কমিশনার বলেন, যারা এনসিপিতে নেতৃত্বে আছেন তারা ২০২৪-এর আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন। তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না- সেটা আমি বিশ্বাস করি। আমি তাদের কোনো অংশে কম দেশপ্রেমিক ভাবতে চাই না। তারাও দেশের ভালো চান, তারাও দেশের গণতন্ত্র চান, আমার বিশ্বাস গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয় সে বিষয়ে তারা সম্মতি দেবেন। তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি সমস্যা উল্লেখ করে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এআই সমস্যাটা শুধু আমাদের দেশের সমস্যা নয়। এটি বিশ্বের একটি সমস্যা। এআই এর ৫০ শতাংশ সোর্স শনাক্ত করা যায় না। আলোচনায় কেউ কেউ বলেছে ইন্টারনেট বন্ধ করতে। আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমি চাই, তথ্য প্রভাব বজায় থাকুক। আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। লুকানো কোনও নির্বাচন দিতে চাই না।