প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পিএম (ভিজিট : ১১৪)

X
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। সোমবার (১৩ অক্টোবর) বিকালে ওই ঠিকাদার আব্দুর রহমান জনি লক্ষ্মীপুরের স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত রাফি লক্ষ্মীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে জনি দাবি করেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিজুর রহমান মাষ্টার বাড়ির সামনে একটি সলিং রাস্তার কাজ করছি। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয়দানকারী রাফি ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দেন। কারণ জানতে চাইলে তিনি আমার লোকজনকে মারধর করেন। একপর্যায়ে আমাকে মোবাইল ফোনে হুমকি দেন। সে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি কোনও কার্যালয়ে কাজের বিল তুলতে গেলে মারধর করবেন। ওই টাকা না দিলে সরকারি কোনও দফতরে প্রবেশ করতে দেবে না বলে হুমকি দেন। তিনি রবিবার রাতে আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। আগুনে আমার পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই কমল মালাকার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি তদন্ত চলছে।
অভিযোগের বিষয়ে শাহেদুর রহমান রাফি দাবি করেন, জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার কাছের লোক ও সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ জন্য তাকে সতর্ক করেছি। এ ছাড়া সে শাকচরে পঁচা ইট দিয়ে রাস্তা করছে। স্থানীয় জনগণ তার কাজ বন্ধ করে দেয়। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।