জনপ্রিয় তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজধানীর একটি হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
আজ বুধবার সেবা প্রকাশনীর অপর লেখক রওশন জামিল ও সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মাসুমা মায়মুর সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।
রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, কুমিল্লায়। বাবার বদলির চাকরির সুবাদে ছেলেবেলা কেটেছে ফেনীতে। ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার পাট চুকিয়ে যোগ দিয়েছিলেন চাকরিতেই। কিন্তু কোথাও মন টেকেনি বেশি দিন। অবশেষে সব ছেড়েছুড়ে লেখালেখি শুরু করেন একদিন।
কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয় তিনি। লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে। নামে-বেনামে লিখেছেন চার শতাধিক বই। বিশ্বসেরা ক্লাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই।
তবে তাঁর পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো তিন গোয়েন্দা সিরিজ। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর সোনালি কৈশোরের সঙ্গী।
রকিব হাসানের প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, ১৯৭৭ সালে। স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ‘ব্রাম স্টোকারের ড্রাকুলা’ দিয়ে। তিনি আরও অনুবাদ করেছেন এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেলের মতো বিখ্যাত লেখকদের ক্লাসিক বই। অনুবাদ করেছেন অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের টারজান সিরিজ।