প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম (ভিজিট : ১২৫)

X
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস ডেবরা বয়েস ও পলিটিক্যাল এডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে হাইকমিশনার জামায়াত আমিরের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বৈঠকে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।