বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
গত মঙ্গলবার রাতে টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। রাতে টিউশন থেকে বাসায় ফেরার পথে অপহরণ করে কমলাপুরের গোয়ালপাড়ার জঙ্গল এলাকায় নেওয়া হয় তাকে। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন স্থানীয় সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। পথে সোহেল রোজারিও তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাসের সহযোগিতায় গোয়ালপাড়ার জঙ্গল এলাকায় একটি টিনশেড আধাপাকা ভবনে তিনজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আমরা এ ব্যাপারটা নিয়ে কাজ করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনব।
ধর্ষণের শিকার ছাত্রীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা শেষে গতকাল শুক্রবার বাসায় পাঠানো হয়েছে।
দোষীদের এখনও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও সহপাঠীরা। গতকাল শুক্রবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এদিকে আজ শনিবার ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মিরপুর-১২ বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই সাথে কমলাপুর গ্রামে বিক্ষোভ করেছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।