প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৫১ পিএম (ভিজিট : ২০৩)

X
নোয়াখালী সদর উপজেলায় ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এর আগে গতকাল কাশেমবাজার মসজিদে ছাত্রশিবিরের কোরআন শিক্ষা চলাকালে যুবদল নেতার হামলা ও শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। আজ রোববার দুপুরে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। তারপর প্রতিবাদ হিসেবে বিকেলে ওই মসজিদে দারসুল কোরআন প্রতিযোগিতার কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির।
জানা গেছে, আছরের নামাজের পর দারসুল কোরআন শুরু হলে বাহির থেকে জিয়ার নামে স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। তারপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মসজিদের ভেতরে অবস্থান করছে এবং বাহিরে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।
নোয়াখালী শহর শাখার শিবির সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, আমাদের শান্তিপূর্ণ কোরআন ক্লাসে বিএনপি হামলা করেছে। আমাদের ভাইয়েরা মসজিদে শুয়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। হাসপাতালে নেওয়ার মতো অবস্থা নেই। বারবার মসজিদে হামলা হচ্ছে।
নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, নামাজ শেষে মসজিদ থেকে হামলা হয়েছে। যুবদলের সাবেক সভাপতি ফারুকের দুই ভাইসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। মসজিদের ভেতর থেকে বারবার হামলা করা হচ্ছে।