প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:০৪ পিএম (ভিজিট : ১১০)

X
পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে। এসময় সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় আদালত।
রবিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসাসেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সৌদি প্রবাসী হাসপাতাল মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া দি স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডায়াগস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিষ্টিক সেন্টার, সিয়াম ডায়াগনিস্টিক সেন্টার ও দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে মোট এগার হাজার টাকা করে অর্থদণ্ড করেন আদালত।
এছাড়া মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ অভিযান টের পেয়ে তালা ঝুলিয়ে পালিয়ে গেলে সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়গনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় যে কোনও অনিয়ম বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।