প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম (ভিজিট : ১০৭)

X
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পশারিবুনিয়া খালে কীটনাশক (বিষ) প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় বাধা দেওয়ায় দুলাল হাওলাদার নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার মৃত অজিত বেপারির ছেলে অসিম বেপারিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে পশারিবুনিয়া খালে অসিম বেপারির নেতৃত্বে কয়েকজন মিলে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরছিল। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের জালসহ আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে দুলাল হাওলাদারের ওপর হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— অসিম বেপারি, আশরাফ আলীর ছেলে মোজাম্মেল হক পান্না, মেশারেফ মাস্টারের ছেলে আলম ওরফে আলমগীর, আ. খালেক মুন্সির ছেলে হাসিব মুন্সি ও হাসিব মুন্সির ছেলে রফিকুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় খালে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করে আসছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দুলাল হাওলাদার বিষয়টি প্রতিবাদ করলে অসিম বেপারির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। আহত দুলালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত অসিম বেপারির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।