প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম (ভিজিট : ১০৭)

X
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা পণ্য না পেয়ে বিক্ষোভ করেছেন। শনিবার ও রবিবার টানা দুই দিন উপজেলার মুচিবাড়ির কোনা বাজারে মেসার্স রাহিম এন্টারপ্রাইজের বিক্রয়কেন্দ্রের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মুচিবাড়ির কোনা বাজারটি চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের সংযোগস্থলে হওয়ায় উভয় এলাকার মানুষ এখান থেকে সহজে পণ্য সংগ্রহ করতে পারেন। তাই বাজারটিতে স্থায়ী টিসিবি বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
কার্ডধারীরা অভিযোগ করেন, বিক্রয় কেন্দ্রের স্থান বারবার পরিবর্তন হওয়ায় সময় ও অর্থ—দুটোরই অপচয় হচ্ছে। অনেকে হেঁটে এসে পণ্য না পেয়ে ফিরে গেছেন।
ডিলার মেসার্স রাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাহিম বলেন, “অক্টোবরে ৮৯৮ জন কার্ডধারীর জন্য পণ্য বরাদ্দ ছিল। কিন্তু দুই ইউনিয়নের ক্রেতা একসঙ্গে আসায় চাহিদা বেড়ে যায়; ফলে চাঁদপুর ইউনিয়নের অনেক কার্ডধারী পণ্য পাননি।”
চাঁদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, “বিক্রয় কেন্দ্রের স্থান নির্ধারণে স্থানীয় প্রশাসনের পরামর্শ নেওয়া প্রয়োজন।”
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, বিক্রয় পয়েন্ট নির্ধারণের দায়িত্ব এনডিসির হলেও বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) জানান, আগামী মাস থেকে কার্ডধারীদের সুবিধা বিবেচনায় বিক্রয় স্থান পুনর্নির্ধারণ করা হবে।
স্থানীয়দের দাবি, মুচিবাড়ির কোনা বাজারেই স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপন করা হলে ভোগান্তি কমবে ও সাধারণ মানুষ উপকৃত হবেন।