প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:২৪ পিএম (ভিজিট : ২০৬)

X
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন (শপিং ব্যাগ) উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ১।
সোমবার দুপুর একটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় অবস্থিত এনএম প্যাকেজিং নামক কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ।
এ সময় কারখানা থেকে ২০৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরীর ১ হাজার ১২০ কেজি কাচামাল জব্দ করা হয়েছে এবং কারখানার মালিক জসিম উদ্দিনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প নগরী টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় পূর্ব থানাধীন এন এম প্যাকেজিং কারখানার কাঁচামাল জব্দ করে নগদ অর্থ জরিমানা করা হয়। এছাড়াও পৃথক দুইটি কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মিকাইল হোসাইন, র্যাব ১ এর সিপিসি ২ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল ইসলামসহ র্যাব ও পুলিশের সদস্যবৃন্দ।