আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ

2025-10-28T18:11:48+00:00
2025-10-28T18:11:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ৩০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ৯৩)
X

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় পর্যটন বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল ও ভুটানসহ ১২টি দেশের জাতীয় পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান।

অনুষ্ঠানে মেলার সার্বিক প্রস্তুতি ও প্রেক্ষাপট তুলে ধরেন টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন।

তিনি জানান, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশ নিচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হাসপাতাল প্রদর্শক হিসেবে উপস্থিত থাকবে। পুরো মেলায় থাকবে ৪টি হলে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল।

বিটিটিএফে সাইড ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন। এছাড়া প্রতিদিন থাকবে সাংস্কৃতিক আয়োজন ও দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র পুরস্কার। বিটিটিএফ অ্যাপ ব্যবহার করে প্রবেশকারীরাই র‍্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন। মেলার পেমেন্ট পার্টনার বিকাশ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্যে ক্যাশব্যাক অফার দিচ্ছে।

টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন। বিটিটিএফ ২০০৭ সাল থেকে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্যটন মেলা হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও টেকসই উন্নয়নই এই মেলার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, আমরা আশা করি এবারের মেলা দেশি-বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এটি বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিমান বিটিটিএফ ২০২৫ এর গোল্ড পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, মেলার হসপিটালিটি পার্টনার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, বিকাশের  প্রতিনিধি সহ অনেকেই।

এছাড়াও টোয়াবের প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, টোয়াবের পরিচালকবৃন্দ, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ বিনামূল্য হিসেবে রাখা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy