প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম (ভিজিট : ৮০)

X
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দনপুর এলাকায় আজ দুপুরের দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর লস্কর (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মৃত রাজা লস্করের ছেলে এবং রামচন্দনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা 'ওয়েলকাম এক্সপ্রেস' (ঢাকা মেট্রো-ব ১৫-৮৯২৬) নম্বরের বাসটি রামচন্দনপুর স্থানে পৌঁছালে, রাস্তা পার হচ্ছিলেন আলমগীর লস্কর। তিনি মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে ফিরছিলেন।
বাসচালক তাকে বাঁচাতে বারবার হর্ন দেন কিন্তু আলমগীর কানে কম শুনতেন, ফলে সময়মতো সরে যেতে পারেননি। বাসটি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে।
ঘটনাস্থলেই আলমগীর লস্কর মারা যান, এবং বাসের ৫-৭ জন যাত্রী আহত হন। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-পিপিএম) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসটি আলমগীর লস্করকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং বাসটিকে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার করে ফোর লেনে উন্নতিকরণ করা হলেও ,কোন ফ্লাইওভার না থাকার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সড়ক বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।