প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:১১ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৮:৪১ পিএম (ভিজিট : ১৭৮)

X
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমান উল্লাহ ওই এলাকার বাসিন্দা মো, ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের বাবা এবং পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে আহত হন জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকনও (৩৫)।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়া উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বলেন, গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন।