প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ পিএম (ভিজিট : ৪৭২)

X
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও শিক্ষার মানে স্থবিরতা লক্ষ্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও আখতার জাহান সাথী জানান, অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, পোশাক-পরিচ্ছদে উদাসীনতা এবং পাঠ গ্রহণে অনাগ্রহ পরিলক্ষিত হয়েছে। এছাড়া শিক্ষকদের অনেকেই এখনো গতানুগতিক পদ্ধতিতে পাঠদান করছেন, যা শিক্ষার্থীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হলে পাঠদান পদ্ধতিকে আরও সৃজনশীল ও আকর্ষণীয় করতে হবে। সহশিক্ষা কার্যক্রমকে সক্রিয় করতে হবে, যাতে শিশুরা শেখার আনন্দ পায়।”
অভিভাবকদের প্রতিও আহবান জানিয়ে তিনি বলেন, “আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান, তাদের পোশাক-পরিচ্ছদ ও দৈনন্দিন পড়াশোনার খোঁজ রাখুন”।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নিয়মিতভাবে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন নিশ্চিত করা যায়।