প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম (ভিজিট : ৩৬৪)

X
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে আসামি পক্ষের আইনজীবীদের হাতে মারধরের ঘটনায় অবশেষে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ কয়েকজনকে আসামি করে মামলা নিয়েছে পুলিশ। তবে আদালত পাড়ায় প্রকাশ্যে মারধরের কয়েকদিন পর মামলা নিলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) মামলা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন।
এর আগে আদালতপাড়ায় বাদী সহ তার স্ত্রী সন্তানকে আসামী পক্ষের আইনজীবীরা প্রকাশ্যে মারধর করার ঘটনায় ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করতে গেলে মামলায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ মামলা নিতে চাইছিল না বলে অভিযোগ করেছিলেন মামলার বাদী ও ভুক্তভোগী রাজিয়া সুলতানা।
মামলার আসামিরা হলেন- এড: শাখাওয়াত হোসেন খান (৫০), সাত্তারের ছেলে ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহালম (৪৮), সাত্তার সরকারের ছেলে টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫)। এছাড়াও আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, আজকে থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে মামলাটি নেয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপিটি সংগ্রহ করেছি। তবে কপিতে সাখাওয়াতের নামটি ঘোলা করা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামে এক নারী ও তার স্বামীর ওপর হামলা চালান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা। হামলায় রাজিয়া সুলতানা (৩৮), তার স্বামী মোঃ ইরফান মিয়া (৫০) ও দুই পুত্র জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন।
এদিকে হামলার ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। আসন্ন নির্বাচনকে ঘিরে ক্লিন ইমেজ নষ্ট করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি।