প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম (ভিজিট : ৮৯)

X
ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের কৃষকগণ মো: জাহাঙ্গীর আলম নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন।
তিনি সাম্প্রতিক সময়ে চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তার আচরণ ও সহযোগিতা পূর্ণ কর্মকান্ডের কারণে তাকে সংবর্ধিত করেন উক্ত ইউনিয়নের কৃষকগণ।
শনিবার দুপুর একটার দিকে ইউনিয়নের সালেপুর মধ্য এর বাসিন্দা কবির মৃধার বাড়ির উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক আব্দুল হালিম মৃধা। এ সময় বক্তব্য রাখেন কৃষক আব্দুল কুদ্দুস, আইয়ুব মৃধা, রাজিয়া বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
হালিম মৃধা বলেন, জাহাঙ্গীর আলম ৩৩ টি বছর কাটিয়েছেন তাদের সাথে। তিনি শুধু একজন কর্মকর্তা ছিলেন তাই নয়, তার এই সময়টাতে হয়ে উঠেছিলেন তাদের পরিবারের সদস্য। তাদের বিপ,-আপদ সুখ দুঃখ সবকিছুর ভাগিদার । সেইদিক থেকে সবাই মিলে চিন্তা করেন জাহাঙ্গীর আলমকে সম্মানিত করার। সে জন্যই আজকের এই আয়োজন।
জাহাঙ্গীর আলম বলেন, তিনি ভাবতেও পারেননি তার জন্য এমন একটি আয়োজন করা হয়েছে। তাকে কেউ জানায়নি, শুধু আসতে বলা হয় প্রয়োজন আছে এমন কথা বলে। তাই তিনি আসেন এসে দেখেন তার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
তিনি অভিভূত হয়ে জানান, এমন ভালোবাসা পাবেন তিনি কখনো কল্পনাও করেননি। এ সময় তিনি অশ্রুসজল হয়ে পড়েন।