কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারীর ভূমিকা শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী হাসনাইন নাহিয়ান সজিব।
সমাবেশে হাসনাইন নাহিয়ান সজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমাদের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। আর ৩১ দফা বাস্তবায়নে নারীর সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।
তিনি আশা প্রকাশ করে আরও জানান, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দৌলতপুরের জন্য একজন সৎ, মেধাবী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন প্রতিনিধি বেছে নেবে।
সমাবেশে বিভিন্ন বয়সী সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।