প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৩:১৯ পিএম (ভিজিট : ৮৩)

X
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণে রোপা আমন ধান, আলু ও শাকসবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য উপজেলা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে গিয়ে ফসল পরিদর্শন ও পরামর্শ প্রদান করছে।
শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান এবং তার সাথে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। এসময় কৃষকদের সঙ্গে আলোচনা করে তারা রোপা আমন ধান ক্ষেতের হেলে পড়া গাছগুলোকে একসাথে বেঁধে দাঁড় করানোর পরামর্শ দেন।
কৃষিবিদ রফিকুজ্জামান কৃষকদের বলেন, "পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ফসলের পচন রোধে স্প্রে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসাথে যেসব ধানের শীর্ষ সোনালী আকার ধারণ করেছে, সেগুলোর মাড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে।"
কৃষকদের তিনি আরো বলেন, "যদি কোনো সমস্যা হয়, তাহলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরামর্শ নিন।"
এখন পর্যন্ত কৃষি বিভাগ মাঠে নেমে কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে, যাতে ফসলের ক্ষতি কমিয়ে আনা যায় এবং কৃষকরা দ্রুত পুনরুদ্ধার করতে পারে।