প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৫:০০ পিএম (ভিজিট : ২৯৮)

X
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ রাজমিস্ত্রির সহযোগী সেজে উপজেলার আলোচিত সৎ ভাইকে হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুরে জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে জাহিদুর রহমান (৪২) নির্মমভাবে খুন হয়। এ হত্যাকান্ডের পর নিহতের ভগ্নিপতি আনারুল ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় একটি হত্য মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বাদশা মিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন আসামীরা ফরিদপুর সদর এলাকায় পালিয়ে আছে। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ এর তত্বাবধায়নে এস আই বাদশা মিয়া সঙ্গীয় ফোস নিয়ে রাজমিস্ত্রির সহযোগী বেশ ধারণ করে শনিবার (১ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর এলাকার জোয়াইড় মোড় নামক স্থান থেকে এ মামলার এজাহার নামীয় ১ নং আসামী এবং ভেলু মন্ডলের ছেলে এনামুল (৪৫) ও দুই নম্বর আসামী এনামুলের ছেলে অমিত (২০) কে গ্রেপ্তার করে। ঐদিন রাতেই তাদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনের নেতৃত্বে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, রবিবার (২ নভেম্বর) আসামীদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।