প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৬:৪৩ পিএম (ভিজিট : ৪৩)

X
সাতক্ষীরা শহরের কাচ্চি ডাইনসহ কয়েকটি হোটেলে সরবরাহের জন্য নিয়ে আসা ৩০ কেজি পচা খাসির মাংস আটকের পর এক মাংস ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী আব্দুল কাদের সে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার এলাকার রুহুল কুদ্দুসের ছেলে । তিনি “কবির মিট” নামে সাতক্ষীরার কামালনগর বউ বাজারে একটি মাংসের দোকান পরিচালনা করেন।
রোববার (২ নভেম্বর) সকালে শহরের লাবণী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
সম্প্রতি শহরের হোটেল-রেস্তোরাঁগুলো বাইরে থেকে নিম্নমানের মাংস কিনে রান্না করছে, এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে করেন সাতক্ষীরা জেলা মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান। এ অভিযোগের পর মাংস ব্যবসায়ীরা শহরের প্রবেশমুখে পাহারা দিতে থাকেন যেন পচা বা নিম্নমানের মাংস শহরে ঢুকতে না পারে। তাদের নজরদারিতেই সকালে আব্দুল কাদেরকে আটক করা হয়।
অভিযুক্ত আব্দুল কাদের জানান, তিনি দেবহাটার কুলিয়া বাজারে ছাগল জবাই করে সেই মাংস সাতক্ষীরা শহরের কাচ্চি ডাইনসহ কয়েকটি হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে পচা মাংস এনে শহরের হোটেলগুলোতে সরবরাহ করছিলেন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। কোন হোটেলে মাংস সরবরাহ করা হতো, তা জানতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারা মোতাবেক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।