প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম (ভিজিট : ৫১)

X
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার যে সকল শিক্ষার্থী ২২ অক্টোবরের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা/আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা ফরম পূরণের সময় অন্যান্য ফি এর অতিরিক্ত চার হাজার টাকা বিলম্ব ফিসহ পরিবর্তিত তারিখ অনুযায়ী ফরম পূরণ করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ হলো ৮ নভেম্বর। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমা দেয়ার তারিখ ৯ নভেম্বর।
পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য যে সকল শিক্ষার্থী ২২ অক্টোবরের পূর্বে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা উল্লেখিত তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারবে। তাছাড়া ইতোপূর্বে ২১ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে।