প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম (ভিজিট : ১৪৮)

X
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আলোকে রাষ্ট্র সংস্কারের বার্তা নিয়ে পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল।
রোববার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজার, রঘুনাথপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন শরীফ উদ্দিন জুয়েল।
এসময় জুয়েল এনসিপি ও জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ৫ আগষ্টের পরে সংস্কার নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন। আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের রুপরেখা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি সরকার গঠণ করলে ৩১ দফার আলোকেই দেশ পরিচালিত হবে। যেখানে কোন বৈষম্য থাকবেনা।
তিনি আরও বলেন, আমরা সরকার গঠণ করতে পারলে আমার প্রথম কাজ হবে দৌলতপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা। সেই প্রত্যাশা পুরণ করতে হলে আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ আলতাফ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, মহিলা নেত্রী সুরাইয়া কাজল, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।