প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:১১ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ২:০৩ পিএম (ভিজিট : ১৩২)

X
জুলাইয়ে জাতীয় সনদের গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সহযোগিতা করবে।
আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ড. আসিফ নজরুল জানান, গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদ সংশোধনের বিষয়ে ভিন্নমত থাকায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়েছে। এর ফলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনও কালক্ষেপণের সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন ও এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া, ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কারের বিষয়ে ভিন্নমত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে সরকারকে দিকনির্দেশনা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।