প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:০৫ এএম আপডেট: ০৪.১১.২০২৫ ১১:১৮ এএম (ভিজিট : ১০১)

X
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত কোনো রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকেই ভোটে অংশ নিতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) জারি করেছে সরকার।
সোমবার আইন মন্ত্রণালয় অধ্যাদেশটির গেজেট প্রকাশ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংস্কারের অংশ হিসেবে আরপিওতে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে জোটের প্রতীকের বিষয়ে অনুচ্ছেদ ২০ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসারভেটিভ পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার দাবি জানায়।
অবশেষে জোট করলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে ভোটে অংশ নিতে হবে এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে জোটভুক্ত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না।
আরপিওর অনুচ্ছেদ ২০ (প্রতীক বরাদ্দ) সংশোধন করে একটি নতুন বিধান যোগ করা হয়েছে, যাতে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে প্রার্থী দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে প্রার্থীর নিজ দলের সংরক্ষিত প্রতীক জোটের প্রার্থীর জন্য বরাদ্দ দিতে পারবে।
এই আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসির কাছে করতে হবে বলে সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়েছে।
আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কারকাজ সম্পন্ন হলো বলে জানিয়েছে ইসি। ইতিমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিক নীতিমালারও সংস্কার সম্পন্ন হয়েছে।
আরপিও সংশোধন জারির পর দ্রুতই দল ও প্রার্থীর আচরণবিধি হালনাগাদ করবে নির্বাচন কমিশন।