খুলনায় বিএনপির প্রার্থীদের প্রচারণা শুরু

খুলনা ব্যুরো

সারাবাংলা

মনোনয়ন ঘোষণার পর পরই খুলনা বিএনপির প্রার্থীরা জোরেসোরোই প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ দোয়া অনুষ্ঠান, কেউ বিশাল গাড়ীর বহর

2025-11-04T19:04:26+00:00
2025-11-04T19:04:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বিএনপির প্রার্থীদের প্রচারণা শুরু
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৬৪)
X

মনোনয়ন ঘোষণার পর পরই খুলনা বিএনপির প্রার্থীরা জোরেসোরোই প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ দোয়া অনুষ্ঠান, কেউ বিশাল গাড়ীর বহর নিয়ে শোডাউন এবং কেউবা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের মধ্যদিয়ে ধানের শীষের প্রতীকে ভোট চান। তবে খুলনা-১ আসনে কোন প্রার্থী ঘোষণা না করায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

খুলনা ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৬টির মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। প্রার্থী ঘোষণায় খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৬ আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে প্রার্থী মনোনীত করে চমক দেখিয়েছে বিএনপি। এছাড়া খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল ও খুলনা-৫ আসনে আলী আসগর লবি ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে খুলনা-১ আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি, পরে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি। 

সূত্র জানায়, খুলনা-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তবে আসনটিতে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। মঞ্জু ২০২৩ সালের পর দলীয় কোন পদে ছিলেন না। দলীয় সব কর্মসূচী আলাদাভাবে তার অনুসারীদৈর নিয়ে পালন করতেন। তাকে মনোনয়ন দেওয়াটাকে চমক হিসেবে দেখছেন খুলনার মানুষ।

অনুভুতি প্রকাশ করে খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সঠিক মানুষদের দল বেছে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঠিক মূল্যায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

এছাড়া খুলনা-৩ আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এর আগেও তিনি এ আসন থেকে নির্বাচন করেছিলেন। 

খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আসনটিতে আজিজুল বারী হেলালের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে। 

খুলনা- ৫ আসনে বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে চমক সৃষ্টি করা হয়েছে খুলনা-৬ আসনের মনোনয়নে। এই আসনটিতে একাধিক নেতাকর্মী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আসনটিতে মনোনয়নের আশায় মাঠ চষে বেড়িয়েছেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, বিএনপির সদস্য রফিকুল ইসলাম। 

তবে এই দৌড়ে মনিরুল হাসান বাপ্পি ছিলেন না। গত ২৭ অক্টোবর খুলনা বিভাগের প্রার্থীদের সাথে তারেক রহমানের মতবিনিময়ে ডাকা হয় তাকে। হঠাৎ করে গত রোববার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে চমক দেখিয়েছে দলটি।

খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ দিন রাজপথে, ৩৫ বছর এই দলের কর্মী। ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। ছাত্রদল করেছি, যুবদল করেছি। জেলা বিএনপির কয়েকটি পদে ছিলাম। দীর্ঘদিনের রাজনীতিতে গেল ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দলকে আমি একদিনের জন্য ফাঁকি দেইনি। দল আমাকে মূল্যায়ন করেছে, আমার শ্রমের মর্যাদা দিয়েছে। রাজপথের কর্মী, রাজপথের শ্রম যে বৃথা যায় না দলের এই মূল্যায়ন তারই একটি বার্তা।

এদিকে রূপসা ঘাটে ব্যাংক চত্বরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের প্রার্থী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। 

এসময়ে তিনি বলেন, “আমি এই অঞ্চলের সন্তান। আমার জন্মভূমিতে আবারও ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ক্ষমতার মালিক।

এই অনুষ্ঠানে অনুসারীদের নিয়ে যোগ দেন খুলনা-৬ আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। তার আগে পিতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন। এরপর তিনি অসুস্থ জেলা বিএনপির কয়েকজন নেতাকে দেখতে হাসপাতালে যান। তিনি কয়রা ও পাইকগাছা বিএনপির নেতাকমীদের সাথে ফোনে কথা বলেন। আগামীকাল বুধবার জেলা বিএনপির বর্ধিত সভার মাধ্যমে জোরেসোরে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন। 

এদিকে খুলনা- ২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষে অনুসারীরা আজ মঙ্গলবার সাড়াদিন প্রচারণা চালান বলে জানান সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান মুরাদ। 

এদিকে খুলনা -৩ আসনে রকিবুল ইসলাম বকুলের পক্ষেও দিনভর প্রচার-প্রচারণা চালানো হয়।

অপরদিকে খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা না করায় জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খানের অনুসারীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। আজ সারাদিন এ আসনে মনোনয়ন প্রত্যাশী আমির এজাজ খান দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে তাকে ধৈয্য ধরার আহবান জানান।

জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খান বলেন, দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। নিশ্চয়ই দল ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাকে মূল্যায়ন করবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy