প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৩১ পিএম (ভিজিট : ৭৭)

X
চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ (মাশুল) সংক্রান্ত আদেশের কার্যকারিতা ৩০ দিনের জন্য হাইকোর্ট স্থগিত করেছে। এ নিয়ে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সঙ্গে উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের বৈঠকের সময়সূচি জানিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সোমবার (১০ নভেম্বর) নির্ধারিত সেই বৈঠক স্থগিত করেছে।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন (রবিবার) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ সংক্রান্ত ১৪ সেপ্টেম্বরের গেজেট ও ৩০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির কার্যকারিতা ৩০ দিনের জন্য স্থগিত করে রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে- চট্টগ্রাম বন্দরের এই বর্ধিত ট্যারিফ আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এ বিষয়ে বন্দর চেয়ারম্যান ও চিফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারকে আগামী ৩০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের এ রিট আবেদন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর যে বর্ধিত ট্যারিফের আদেশ জারি করে, তা বিধিসম্মত নয়। আদালত তা আমলে নিয়ে আদায়ের প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত করেছেন।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী সিভয়েস২৪-কে বলেন, ‘আদালত এক মাসের স্থগিতাদেশসহ রুল জারি করেছেন।’
উল্লেখ্য, ব্যবসায়ীদের দাবির মুখে সোমবার বন্দর ভবনের সম্মেলনকক্ষে নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।