প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:০৬ পিএম (ভিজিট : ১৫৫)

X
নীলফামারীর সৈয়দপুরে নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত মরহুম সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের পুত্র রিয়াদ আফরান সরকার রানার সমর্থকরা।
রোববার সন্ধ্যায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় একঘণ্টা শহীদ ডা. জিকরল হক সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে স্থানীয় এলাকাবাসী ও যানবাহন চালকদের ভোগান্তির সম্মুখীন হতে হয়। নীলফামারী-৪ আসনটি কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকারকে প্রার্থী ঘোষণা করেছেন দলটি। তবে দলটির একাংশ সেটিকে না মেনে সাবেক সংসদ সদস্য একাধিকবার নির্বাচিত পৌরসভার মেয়র, একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি এলাকার জনপ্রিয় মরহুম আমজাদ হোসেন ভজের ছেলে রিয়াদ আফরান সরকার রানাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।
বিক্ষোভে নেতাকর্মীরা বলেন, তৃণমূলের জনসমর্থন যাচাই-বাছাই না করে দলের প্রার্থী ঘোষণা করায় নির্বাচনী এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল পর্যায়ে রিয়াদ আরফান রানা সরকারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তবে দল সেটিকে গুরুত্ব না দিয়ে অন্য জনকে প্রার্থী ঘোষণা দিয়েছে। ফলে এই আসনটি বিএনপি’র হাতছাড়া হতে পারে। আমরা তাই মনোনয়ন পরিবর্তন চাই, রিয়াদ আরফান রানা সরকার দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি সবসময় নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন।
এসময় রিয়াদ আরফান রানা সরকার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমরা বাবা বিএনপি’র রাজনীতি করেছে আমি তারই হাত ধরে রাজনীতিতে এসেছি। আমি চাই সবসময়ই মানুষের পাশে থাকতে। আমাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে আমি মানুষের সেবা করতে পারবো।
প্রসঙ্গত, রিয়াদ আরফান সরকার রানা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরেও সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে গত ২৭ অক্টোবর বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিএনপি’র একাংশের নেতাকর্মীদের মতে রিয়াদ আরফান রানা সরকার দলীয় মনোনয়ন পেলে তার জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে।