প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৫:০১ পিএম (ভিজিট : ৮৪)

X
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে দেশে কোনো ধরনের আতঙ্ক দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। কোথাও কোনো ভয়ের পরিবেশ নেই।’ তিনি আরও জানান, ‘শিকারের জন্য নয়, আত্মরক্ষার স্বার্থে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। জনগণকে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশের বাইরে থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে-এমন আশঙ্কার কথাও তুলে ধরেন উপদেষ্টা। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।
পাশের একটি দেশ থেকে অশান্তির উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নষ্ট করতে বাইরে থেকে চেষ্টা চলছে। প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আবারও চিঠি দেওয়া হবে।’ শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এ অভিযোগ করেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। মামলার দুই নম্বর অভিযোগে তাকে ফাঁসির আদেশ এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ এবং রাজসাক্ষী হিসেবে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘রায়কে কেন্দ্র করে বড় কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করার বিধান রয়েছে—এ বিষয়েও আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি।’
তিনি আবারও জোর দিয়ে বলেন, দেশের পরিস্থিতি শান্ত আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। জনমনে আতঙ্ক তৈরি করার মতো পরিস্থিতি নেই।