প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম (ভিজিট : ৪৮)

X
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে দলীয় মনোনয়ন রিভিউয়ের দাবিতে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার পক্ষে পাহাড়ি ও বাঙালিদের ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে হাজারো বিএনপি নেতা-কর্মী, মারমা—চাক—ত্রিপুরা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের লোকজন পদযাত্রায় অংশ নেন।
পাহাড়–সমতলের মানুষের এ অভূতপূর্ব সমাবেশ থেকে দাবি ওঠে—মনোনয়ন রিভিউ করে ত্যাগী, কর্মঠ এবং তরুণদের আশা-ভরসা মোহাম্মদ জাবেদ রেজাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে।
স্টেডিয়াম এলাকা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে জেলার সাতটি উপজেলা ও তেত্রিশটি ইউনিয়ন থেকে দলে দলে মানুষ যোগ দেন।
মুক্তমঞ্চের সামনে বক্তব্য দেন—সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীদের নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি।
বক্তারা বলেন— “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক তারুণ্যের একজন নেতার প্রয়োজন।”
“বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ সাচিং প্রু জেরীকে সম্মানজনক অবস্থান দিয়ে তরুণদের অহংকার ও সাবেক সফল মেয়র জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী করা হোক।”
পাহাড়ি-বাঙালি সর্বস্তরের জনগণের একটাই দাবি— “৩০০নং বান্দরবান আসনে মনোনয়ন রিভিউ করে সর্বজন স্বীকৃত নেতা জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী করা হোক।