
X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শার গোগা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোগা দারুস সালাম নুরানী কওমী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারী উন্নয়ন ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, নারীদের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং সুবিধা–বঞ্চিত মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তিনি তুলে ধরেন।
ভারতীয় সীমান্ত পানি নিয়ে শার্শার কৃষিজমি জলাবদ্ধ হওয়ার বিষয়েও তিনি কথা বলেন। তৃপ্তি বলেন, “ভারত যে পানি দিয়ে আমাদের সীমান্তের ফসলি জমি জলাবদ্ধ করে রাখে, তার কারণে কৃষকের ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়। বিএনপি ক্ষমতায় গেলে ইছামতি ও কোদলা নদী খনন করে বাংলাদেশ অংশে সুইজগেট নির্মাণ করা হবে, যাতে বর্ষায় পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখা যায়।”
মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “গোগা সীমান্ত দিয়ে দেশে মাদক আসার অভিযোগ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মাদক ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে যুবসমাজ ধ্বংস না হয়।”
জিয়াউর রহমানের মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা স্মরণ করে তিনি বলেন, “দল গঠনের আগেই জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত ছাত্রদের কথা শুনেছিলেন। সৈনিকরা গুলি করতে চাইলে তিনি তা নিষেধ করেছিলেন।”
সরকারবিরোধী সমালোচনা করে তিনি আরও বলেন, “দখলবাজ হাসিনা অযথা নিরীহ মানুষের নামে মামলা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে এসব মিথ্যা মামলা থাকবে না। ফ্যাসিস্ট সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, ইলিয়াস আলীকে গুম করেছে।”
জামায়াতের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “জামায়াত প্রচার করছে দাড়ি–পাঞ্জাবি পরলে বা তাদের ভোট দিলে জান্নাতে যাবে—এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তাজ, প্রস্তাবিত যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, মনিরুল ইসলাম মনুসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।