প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম (ভিজিট : ৪১৫)

X
চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই গণশুনানির আয়োজন করেছেন জাহিদুল ইসলাম মিঞা। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ শুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে কেউ এসেছিলেন সুপেয় পানির ব্যবস্থা কিংবা সন্তানের পড়ালেখার সহযোগিতার জন্য। জেলা প্রশাসক একে একে সবার অভিযোগ শুনলেন। কিছু অভিযোগের দিলেন সমাধান আবার কিছু অভিযোগে ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাই এমন গণশুনানিতে এসে সমস্যার সামাধান পেয়ে স্বস্তি নিয়ে ফিরে গেলেন সাধারণ মানুষ।
এমনই একজন এমরান হোসেন, রাঙ্গুনিয়া থেকে এসেছিলেন গণশুনানিতে। তার অভিযোগ, একজন ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে তাদের খতিয়ান করে নিয়েছে। এ অভিযোগ শুনে সংশ্লিষ্ট এসি ল্যান্ডকে সরাসরি নির্দেশ দেন ডিসি।
এমরান বলেন, আমরা এতদিন যে সমস্যায় ছিলাম, আজ মনে হলো সব শেষ হলো। মানুষটা সত্যিই আলাদা।
গণশুনানিতে আসা বাঁশখালীর জাফর আহমদ বলেন, আমাদের এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির খুব অভাব। আমরা গভীর নলকূপ চাইতে এসেছি। ডিসি মহোদয় জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ আশা নিয়ে আমাদের কাছে আসে। তাদের কথা শোনা এবং সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। দুঃস্থ বা বয়োবৃদ্ধ— আমার অফিস সবার জন্য উন্মুক্ত। নিয়মিত গণশুনানি মানুষের আস্থা বাড়ায় এবং প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে আসে।