প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম আপডেট: ২৪.১১.২০২৫ ১২:২০ পিএম (ভিজিট : ৫১)

X
সংগৃহীত ছবি
ঢাকার সাভারে তাজরীন ফ্যাশন কারখানার ভয়াবহ আগুনের ১৩ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার সকালেই আশুলিয়ার নিশ্চিতপুরে পরিত্যক্ত কারখানার সামনে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন, মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করেন এবং মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকরা দাবি করেন, আগুনে আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা না পাওয়ায় মারা গেছেন। নিহত ও আহত শ্রমিকদের জন্য জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, আজও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পাইনি। শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই অল্প বেতনে ঝুটের গোডাউনে কাজ করছি। চিকিৎসা না পাওয়ায় আমাদের অনেক সহকর্মী মারা গেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশন লিমিটেডে মালিক দেলোয়ারের পরিকল্পিত আগুনে ১১৪ জন শ্রমিক নিহত ও ১৭২ জন গুরুতর আহত হন। এছাড়া আরও বহু শ্রমিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আজও তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ কার্যকর হয়নি।
তিনি অভিযোগ করেন, আগের সরকার এই ঘটনায় দায়ীদের যথাযথভাবে বিচার করেনি বরং কিছু ক্ষেত্রে পুরস্কৃত করেছে। বর্তমান সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি, ফলে শ্রমিকরা এখনও প্রতারণার শিকার হচ্ছেন।
শ্রমিক নেতারা আহ্বান জানিয়েছেন, তাজরীনের পরিত্যক্ত ভবনটি ভেঙে আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হোক।