প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:২২ পিএম (ভিজিট : ৬৫)

X
নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামে বাইপাস সড়কে ধানবোঝাই একটি ট্রলির সজোরে ধাক্কায় মোছা. আনোয়ারা বেগম (৪০) নামে উত্তরা ইপিজেডের এক অন্তঃসত্বা নারী শ্রমিকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হৃদয়-বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মোছাঃ আনোয়ারা বেগম সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বালাপাড়া গ্রামের সিরাজ ইসলামের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের দেশবন্ধু গ্রুপের একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় ছুটি শেষে স্বামী সিরাজ ইসলামের মোটর-সাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন আনোয়ারা বেগম। বাইপাস সড়কের খাদিজা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ধানবোঝাই ট্রলি মোটর-সাইকেলকে এমন সজোরে ধাক্কা দেয় যে, মোটর-সাইকেলে থাকা আনোয়ারা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটর-সাইকেল চালক স্বামী সিরাজ ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত স্বামীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।